পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করো
নিম্নে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হলোঃ
অর্থনৈতিক বৈষম্য: পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলার চাইতে পশ্চিম পাকিস্তান অনেক বেশি সুবিধাজনক অবস্থানে ছিল যেমন ১৯৫৫-৫৬ সাল থেকে ১৯৫৯-৬০ সালে পূর্ব পাকিস্তান লাভ করেছিল ১১৩ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা, অপরদিকে পশ্চিম পাকিস্তান তখন পেয়েছিল ৫০০ কোটি টাকা। একইভাবে ১৯৬০-৬১ থেকে ১৯৬৪-৬৫ সালে পূর্ব পাকিস্তান লাভ করে ৬,৪৮০ মিলিয়ন টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল ২২,২৩০ মিলিয়ন টাকা। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে কয়েকগুণ পিছিয়ে পড়ে।
প্রশাসনিক বৈষম্য: পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক। ১৯৬৬ সালে পাকিস্তান প্রশাসনের চিত্র ছিল নিম্নরূপ:
| নং | খাত | বাঙালি | পশ্চিম পাকিস্তানি |
|---|---|---|---|
| ১. | প্রেসিডেন্টের সচিবালয় | ১৯% | ৮১% |
| ২. | দেশরক্ষা | ৮.১% | ৯১.৯% |
| ৩. | শিল্প | ২৫.৭% | ৭৪.৩% |
| ৪. | স্বরাষ্ট্র | ২২.৭% | ৭৭.৩% |
| ৫. | তথ্য | ২০.১% | ৭৯.৯% |
| ৬. | শিক্ষা | ২৭.৩% | ৭২.৭% |
| ৭. | স্বাস্থ্য | ১৯% | ৮১% |
| ৮. | আইন | ৩৫% | ৬৫% |
| ৯. | কৃষি | ২১% | ৭৯% |
প্রতিরক্ষাক্ষেত্রে বৈষম্য: পাকিস্তানের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল। মোট অফিসারের মাত্র ৫%, সাধারণ সৈনিকদের মাত্র ৪ শতাংশ, নৌবাহিনীর উচ্চ পদে ১৯%, নিম্নপদে ৯%, বিমান বাহিনীর পাইলটদের ১১%, টেকনিশিয়ানদের ১.৭% ছিলেন বাঙালি।
শিক্ষাক্ষেত্রে বৈষম্য: পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা, পশ্চিম পাকিস্তানের চাইতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল। পাকিস্তান সৃষ্টির পর শিক্ষা খাতে বাজেট বরাদ্দে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণের বেশি লাভ করতে থাকে। ফলে পশ্চিম পাকিস্তানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে।
সামাজিক বৈষম্য: পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলায় মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে। বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে। উভয় অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়। মানুষ প্রতিবাদ করে। আন্দোলন দানা বেঁধে উঠে।
