তোমার বন্ধু মাসুদের পিতৃবিয়োগের সান্ত্বনা জানিয়ে একখানা পত্র লিখো
তারিখ: ২৩ জানুয়ারি ২০২১
মোহাম্মদপুর, ঢাকা।
প্রিয় বন্ধু মাসুদ,
আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করো। গতকাল তোমার প্রেরিত একখানা চিঠি পেয়েছি। তোমার প্রেরিত চিঠিতে জানতে পারলাম তোমার পরম শ্রদ্ধাভাজন পিতা আর ইহলোকে নেই। তাঁর আকস্মিক মৃত্যু সংবাদ আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতই মনে হলো। কথাটা নির্মম হলেও আমাকে বিশ্বাস করতে হলো। এরূপ একটি দুঃসংবাদের জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম। বর্তমানে তোমার মানসিক অবস্থা যে কি আমার বুঝতে বাকি নেই। আজ তোমাকে কি বলে যে সান্ত্বনা দেব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ছেলেবেলায় আব্বাকে হারিয়েছি। আব্বাকে হারানোর যে কি বেদনা তা আমার চেয়ে অন্য কেউ বেশি বুঝবে না। কিন্তু করার তো কিছুই নেই ভাই, সবই আল্লাহর ইচ্ছা। তার ইচ্ছার কাছে আমরা বড়ই অসহায়। জন্মিলে মরিতে হয় এটাই আল্লাহর বিধান আমরা পৃথিবীর সব মানুষ মিলে চেষ্টা করলেও তোমার পিতার মৃত্যুকে ঠেকাতে পারতাম না। দু'দিন আগে আর পরে সকলকেই মরতে হবে। কিন্তু আমি নিজে কখনও ধারণা করতে পারিনি যে, তোমার পিতার মত এমন স্নেহময়, হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত সুস্থ মানুষটি হঠাৎ করে এভাবে আমাদের সকলকে শোকের সাগরে ভাসিয়ে চলে যাবেন। তিনি যে আমার কত কাছের মানুষ ছিলেন, তা আমি তোমাকে বুঝাতে পারব না। তার মত একজন আদর্শ শিক্ষক এবং আত্মনিবেদিত প্রাণ সমাজসেবকের মৃত্যুতে দেশ একজন সুযোগ্য ব্যক্তিকে হারালো। তাঁর মত একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি ও আদর্শ মানুষ বর্তমান সমাজে নিত্যান্তই বিরল। তাই তোমার পিতার মৃত্যুতে যে বিয়োগ-যন্ত্রণা ভোহ করছ, তা শুধু তোমার একার নয় এ বেদনা আমারও।
একটি কথা মনে রেখ ভাই , শোক-তাপে ভেঙে পড়লে চলবে না। এ জগতের অগণিত মানুষের মাঝে তোমাকেও পিতার সুযোগ্য সন্তান হয়ে বাঁচতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। তাছাড়া তুমিই পরিবারের বড় সন্তান। পিতার গুরুদায়িত্ব তোমার উপর বইছে। এখন তোমাকে সুন্দরভাবে সংসার পরিচালনার হাল ধরতে হবে। তোমার ছোট ভাই-বোনকে সত্যিকারের মানুষরূপে গড়ে তুলতে হবে। ওরা যে তোমার মুখপানে চেয়ে আছে ভাই। তুমি ভেঙে পড়লে ওদেরকে কে সান্তনা দিবে? ভবিষ্যতের দায়িত্ব স্মরণ করে কর্তব্য কাজে এগিয়ে যাও। এসব দায়িত্ব সূচারুরূপে সম্পন্ন করতে পারলেই তোমার আব্বার বিদেহী আত্মা শান্তি পাবে।
প্রার্থনা করি, আল্লাহ পাক যেন তোমার আব্বাকে জান্নাতবাসী করেন এবং তোমার মনের শত দুঃখ-বেদনা দূর করেন। তোমার স্নেহময়ী আম্মাকে আমার সালাম এবং ছোট ভাই বোনদের স্নেহ দিও। আল্লাহ তোমাকে এ শোক কাটিয়ে উঠার শক্তি দান করুন এই কামনায়।
তোমার বন্ধু
জাহিদ
![]() |
| নমুনা খাম |

